দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো সিলেট সফরে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি প্রথমে হযরত শাহজালালের (র.) মাজার জিয়ারত করেন। পরে তিনি নির্মাণ প্রকল্পের উদ্বোধন করে সুধী সমাবেশে যোগ দিয়েছেন।
আজ শনিবার (২ মে) সকাল ১০টায় তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। পরে সাড়ে ১০টার দিকে হযরত শাহজালালের (র.) মাজার জিয়ারত করেন। এ সময় প্রশাসনের লোকজন ও স্ত্রী জোবাইদা রহমান উপস্থিত ছিলেন।
সকাল সোয়া ৯টা দিকে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি সিলেটের উদ্দেশে রওনা হন।
বেলা ১১টায় সিলেটের সুরমান নদী সংলগ্ন চাঁদনী ঘাটে শহরের জলাবদ্ধতা নিরসনে সিলেট সিটি করপোরেশন গৃহীত প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করে সুধী সমাবেশে যোগ দিলেন তিনি।
এরপর দুপুর ১২টায় সিলেট জেলার সদর উপজেলার কাশিপুর ইউনিয়নে অবস্থিত বাইশা নদী পুনঃখনন কর্মসূচি উদ্বোধন করবেন। বিকেল ৩টায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণ সিলেট জেলা স্টেডিয়ামে আয়োজিত নতুন ক্রীড়া স্পোর্টস-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন। এরপর বিকেল ৫টায় জেলা শিল্পকলা অ্যাকাডেমিতে আয়োজিত দলীয় সভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী।
দিনব্যাপী এই সফরে ভিত্তিপ্রস্তর স্থাপন, খাল খনন কর্মসূচি, নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধন, সুধী সমাবেশে যোগাদানসহ একাধিক কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী। পরে শিল্পকলা অ্যাকাডেমিতে একটি সভায় অংশ গ্রহণ শেষে সন্ধ্যায় ঢাকায় ফেরার পরিকল্পনা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের।
প্রায় দুই দশক পর গত ২১ জানুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণা চলাকালে সিলেট সফর করেছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তবে সরকার প্রধানের দায়িত্ব নেওয়ার পর এটাই তার প্রথম সিলেট সফর।
