আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃআসন্ন উপজেলা নির্বাচনকে সামনে রেখে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় যৌথবাহিনীর নির্বাচনী মহড়া অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠসহ উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্রে এ মহড়া অনুষ্ঠিত হয়। বাস্তব ভোটগ্রহণের আদলে ভোট গ্রহণ ও কেন্দ্রের সার্বিক নিরাপত্তা ব্যবস্থাপনা অনুশীলন করা হয়।
উপজেলায় যৌথবাহিনীর উদ্যোগে আয়োজিত এ মহড়ায় সেনাবাহিনী, পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও র্যাবের সদস্যরা অংশ নেন। ভোটগ্রহণ চলাকালে উদ্ভূত যেকোনো পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনীগুলোর সমন্বিত ভূমিকা মহড়ার মাধ্যমে তুলে ধরা হয়।
এ সময় আলফাডাঙ্গা সেনা ক্যাম্পের কর্মকর্তা, যৌথবাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কর্মকর্তারা জানান, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ভোটাররা যেন নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে। ভোটের দিন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করবেন এবং কোনো ধরনের বিশৃঙ্খলা বা অপ্রীতিকর পরিস্থিতি বরদাস্ত করা হবে না।
মহড়ায় সেনা, পুলিশ, বিজিবি ও র্যাব সদস্যদের পাশাপাশি বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
