বাংলাদেশ দূতাবাস, আবুধাবিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উদযাপন

যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আবুধাবিস্থ বাংলাদেশ দূতাবাসে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস- ২০২৬ উদযাপন করা হয়েছে। দূতাবাস ভবনে আয়োজিত অনুষ্ঠানে দূতাবাসের সকল কর্মকর্তা-কর্মচারী, আবুধাবিস্থ জনতা ব্যাংক, বাংলাদেশ বিমান, শেখ খলিফা বিন জায়েদ বাংলাদেশ ইসলামিয়া স্কুল হতে আগত প্রতিনিধিবৃন্দ সহ, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার স্থানীয় প্রতিনিধিগণ এবং প্রবাসী বাংলাদেশীরা উপস্থিত ছিলেন। মধ্যপ্রাচ্য সহ সংযুক্ত আরব আমিরাতে চলমান নিরাপত্তা পরিস্থিতি ও স্থানীয় কর্তৃপক্ষের বিধিবিধান অনুসরণ করে দূতাবাস এবারে সীমিত কর্মসূচীর মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস- ২০২৬ পালন করেছে।

দিনের শুরুতে সকলের উপস্থিতিতে সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জনাব তারেক আহমেদ আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠান সূচনা করেন। গভীর শ্রদ্ধার সাথে মহান মুক্তিযুদ্ধের সকল বীর শহিদ, বীর মুক্তিযোদ্ধা, সম্ভ্রম হারানো মা-বোন এবং সকল দেশপ্রেমিক মানুষের অবদানকে স্মরণ করে এবং বাংলাদেশের স্বাধীনতার পক্ষে অবদান রাখা বিদেশি বন্ধুদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়ে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় পররাষ্ট্র মন্ত্রী ও মাননীয় পররাষ্ট্র বিষয়ক প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয়।

পরিশেষে, মহান মুক্তিযুদ্ধের সকল শহিদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা, সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত বাংলাদেশিদের কল্যাণ কামনা এবং নবনির্বাচিত সরকারের নেতৃত্বে আগামী দিনগুলোতে বাংলাদেশের আরও সমৃদ্ধি, শান্তি ও উন্নতি কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।

Facebook Comments Box
Share:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *