আবুধাবিতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: প্রাণ গেল প্রবাসী প্রকৌশলীর স্ত্রী ও ছেলের, হাসপাতালে চিকিৎসাধীন স্বামী

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি এক প্রকৌশলীর স্ত্রী ও তাঁর কিশোর ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন নিহতের স্বামী। তবে চিকিৎসকরা জানিয়েছেন, তিনি বর্তমানে আশঙ্কামুক্ত।

সোমবার (১২ অক্টোবর) রাত ৯টার দিকে আবুধাবির আল আইন রোডের আল ওয়াতবা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, প্রকৌশলী স্বরূপ কান্তি বিশ্বাসের স্ত্রী অসীমা চৌধুরী (৪৮) এবং তাঁদের একমাত্র ছেলে অরিত্র বিশ্বাস (১৫)। তাদের গ্রামের বাড়ি বাংলাদেশের চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পূর্ব কধুরখীল গ্রামে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সাংবাদিক সঞ্জিত কুমার শীল জানান, পরিবার নিয়ে একটি সামাজিক অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার সময় স্বরূপ বিশ্বাস নিজেই গাড়ি চালাচ্ছিলেন। পথিমধ্যে পেছন থেকে একটি দ্রুতগামী গাড়ি তাদের সজোরে ধাক্কা দেয়। এতে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের রেলিংয়ে আছড়ে পড়ে সম্পূর্ণ দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই অসীমা চৌধুরী ও অরিত্র বিশ্বাসের মৃত্যু হয়। পরে গুরুতর আহত অবস্থায় চালক স্বরূপ বিশ্বাসকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। ইতোমধ্যে দুর্ঘটনাটির সঙ্গে জড়িত গাড়িটি জব্দ এবং এর চালককে আটক করেছে আবুধাবি পুলিশ।

এদিকে বানিয়াস উপশহরে আয়োজিত অনুষ্ঠানস্থলে এই দুর্ঘটনার খবর পৌঁছালে সেখানে এক শোকাবহ পরিবেশ ও কান্নার রোল পড়ে যায়। নিহত অসীমা চৌধুরীর পৈতৃক নিবাস চট্টগ্রামের রাউজানে। প্রবাসে সংগীতচর্চা ও বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত থাকায় অসীমা চৌধুরী এবং প্রকৌশলী স্বরূপ বিশ্বাস দম্পতি আবুধাবির বাঙালি কমিউনিটিতে অত্যন্ত পরিচিত ও জনপ্রিয় মুখ ছিলেন। দম্পতিটির আরেকটি কন্যাসন্তান রয়েছে, যিনি দুবাইয়ের একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন।

হঠাৎ এই মর্মান্তিক ট্র্যাজেডিতে আবুধাবির প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে গভীর শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকে গভীর শোক প্রকাশ করে স্বরূপ বিশ্বাসের দ্রুত সুস্থতা কামনা করেছেন।

বর্তমানে মা ও ছেলের মরদেহ আবুধাবির বানিয়াস এলাকার সেন্ট্রাল মর্গে রাখা হয়েছে। স্থানীয় পুলিশ প্রশাসনের আইনি প্রক্রিয়া ও আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পর মরদেহগুলো দেশে পাঠানোর বিষয়ে কাজ করছেন স্বজন ও কমিউনিটির নেতারা

Facebook Comments Box
Share:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *