বিমানের রিয়াদগামী সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত ঘোষণা

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা থেকে রিয়াদগামী সকল ফ্লাইট আগামী ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত করা হয়েছে।

এসব ফ্লাইটের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত এবং যাত্রার সময়সূচি সম্পর্কে হালনাগাদ তথ্য যথাসময়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হবে বলে বিমানের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ফ্লাইট স্থগিতের কারণে সম্মানিত যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে। এ পরিস্থিতিতে সম্মানিত যাত্রীদের ধৈর্য ও সহযোগিতা কামনা করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।’

উল্লেখ্য, শনিবার রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনের হাউছি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশীসহ মোট ১৩ জন নিহত হয়। এছাড়া আহত হয় আরো অনেকে।

এ ঘটনার পর সৌদি কর্তৃপক্ষ ওই বিমানবন্দরের কার্যক্রম বন্ধ ঘোষণা করে।

বাংলাদেশ থেকে যাওয়া যাত্রীদের রিয়াদ হয়ে সৌদি আরবের বিভিন্ন অভ্যন্তরীণ ও বিভিন্ন আন্তর্জাতিক রুটে গমন ও রিয়াদ থেকে বাংলাদেশে আসার জন্য আটকে পড়া প্রায় ৫০০ বাংলাদেশি যাত্রীকে বিভিন্ন ধরনের সহায়তা দেওয়ার কথা জানিয়েছে সৌদি আরবে বাংলাদেশের দূতাবাস।

এর মধ্যে প্রায় ১০০ বাংলাদেশী যাত্রীকে রিয়াদের মেরিয়ট হোটেল, রেডিসন হোটেল ও প্রিন্সেস নূরা বিশ্ববিদ্যালয়ের ডরমিটরিতে আবাসনের ব্যবস্থা করার তথ্য দিয়েছে তারা।

Facebook Comments Box
Share:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *