আজিজুর রহমান : আলফাডাঙ্গা (ফরিদপুর) : ফরিদপুরের আলফাডাঙ্গায় শারদীয় দুর্গাপূজা-২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জোবায়ের হাবিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এ কে এম রাহানুর রহমান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নিয়াজ মোর্শেদ ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. প্রভাস চন্দ্র সেন।

এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান আব্বাস, সাধারণ সম্পাদক নুরজ্জামান খসরু, পৌর বিএনপির সভাপতি রবিউল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি হাফিজুর রহমান, আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রতিনিধি উপপরিদর্শক (এসআই) সমীর কুমার এবং টগরবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান।
প্রকাশ কুমারের সঞ্চালনায় সভায় উপজেলার বিভিন্ন পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকরাও অংশ নেন।
সভায় শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদ্যাপন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং পূজামণ্ডপগুলোতে সার্বিক নিরাপত্তা ও সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করার বিষয়ে আলোচনা করা হয়। পূজার আনন্দ ও সম্প্রীতির পরিবেশ বজায় রাখতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রতিনিধি এবং পূজামণ্ডপ সংশ্লিষ্টদের পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্ব দেওয়া হয়।
