হাসিনাকে বক্তব্যের সুযোগ দিয়ে বাংলাদেশের সার্বভৌমত্বকে অপমান করেছে ভারত

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, ক্ষমতাচ্যুত ও দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বক্তব্য দেওয়ার সুযোগ দিয়ে জুলাই শহীদদের অসম্মান করেছে ভারত। আইন থাকার পরও পলাতক আসামিকে ফিরিয়ে না দিয়ে রাজনীতির সুযোগ করে দেওয়া জাতীয় সার্বভৌমত্বের প্রতি অপমান।

বৃহস্পতিবার সকালে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা বলেন, শেখ হাসিনা বাংলাদেশের থেকে পলাতক একজন আসামি। তার মৃত্যুদণ্ড হয়েছে, তার যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে এবং নানা খুনের মামলা, দুর্নীতির মামলায় তার বিচার চলছে। সে একটি দেশে পালিয়ে গেছে। অত্যন্ত উদ্দেশ্যমূলক ও পরিকল্পিতভাবে হাসিনাকে বক্তব্য রাখার সুযোগ করে দিয়েছে ভারত সরকার।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, দুই দেশের মধ্যকার প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী তাকে দেশে ফিরিয়ে দেওয়ার জন্য চিঠি দেওয়া হলেও ভারত কোনো জবাব দেয়নি। বরং তাকে রাজনৈতিক বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে, যা পারস্পরিক বিশ্বাস ও বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের শামিল।

রিজভী বলেন, দেশে গ্যাস, হাম, ডেঙ্গুসহ সব ধরনের সংকট সমাধানে প্রধানমন্ত্রী তারেক রহমান কাজ করে যাচ্ছেন। তার অঙ্গীকার মোতাবেক জনগণকে প্রাধান্য দিয়ে তিনি কাজ করছেন। কিন্তু সরকারকে ব্যর্থ করতে দেশের বিরুদ্ধে একটি দল চক্রান্ত চালিয়ে যাচ্ছে।

Facebook Comments Box
Share:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *