বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনে ধানের শীষের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘দীর্ঘ প্রতীক্ষিত আজকের এই নির্বাচনের মধ্যদিয়ে বাংলাদেশে গণতন্ত্রের নতুন যাত্রা শুরু হলো। আল্লাহর অশেষ রহমতে বাংলাদেশের আমরা এই জাতীয় সংসদ নির্বাচন একটা শুভদিন, শুভক্ষণ। এই নির্বাচন এই জাতির ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচন নির্ধারণ করবে যে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি কোনো দিকে যাবে।’
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টায় ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট প্রদান শেষে কেন্দ্রের বাইরে সাংবাদিকদের সাথে একথা বলেন তিনি। এ সময় জাতীয় সংসদ নির্বাচনকে দেশের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেন মির্জা ফখরুল।
তিনি বলেন, ‘দেশে গণতন্ত্রের যে নতুন যাত্রা শুরু হয়েছে, তা যেন মসৃণভাবে এগিয়ে যায়—এটাই প্রত্যাশা।’
তার ভাষায়, ‘বাংলাদেশের যে গণতন্ত্রের যাত্রা নতুন শুরু হলো, আজকে আমরা আশা করি এই পথ মসৃণভাবে আগামী দিনগুলোতে। বাংলাদেশের মানুষের জীবনকে, বাংলাদেশের রাজনীতিকে, বাংলাদেশের অর্থনীতিকে সুন্দরের দিকে, অভীষ্ট লক্ষ্যের দিকে নিয়ে যাবে।’
মির্জা ফখরুল দাবি করেন, ‘বর্তমান নির্বাচন বহু ত্যাগ ও সংগ্রামের মধ্য দিয়ে এসেছে। আমরা আজকে অত্যন্ত আনন্দিত যে আজকে এই দিনটি অনেক বাধা-বিপত্তি পেরিয়ে, অনেক রক্তপাতের মধ্য দিয়ে, অনেক আত্মত্যাগের মধ্য দিয়ে আজকের এই দিনটি শুভ সূচনা হয়েছে।’
এ সময় তিনি অভিযোগ করেন, ‘আন্দোলনের সময় বহু মানুষ নির্যাতনের শিকার হয়েছেন। লাখ লাখ মানুষ পুলিশের হাতে নির্যাতিত হয়েছে, গুম হয়েছে, নির্যাতিত হয়েছে, হত্যা হয়েছে। ২৪শে জুলাই প্রায় ২০০০ ছাত্র-জনতা, কৃষক-শ্রমিক প্রাণ হারিয়েছে। এত আত্মত্যাগের পরে আজকে এই নির্বাচন।’
তিনি প্রত্যাশা করে বলেন, ‘এই নির্বাচন সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ হবে এবং শান্তিপূর্ণভাবে হবে। সকলের অংশগ্রহণের মধ্য দিয়ে আমাদের প্রত্যাশা—এই নির্বাচন বাংলাদেশের জন্য একটা নতুন অধ্যায় শুরু করবে।’
