বিএনপি চেয়ারম্যান তারেক রহমান একটি রাজনৈতিক দলের প্রতি ইঙ্গিত করে বলেছেন, এরা মিথ্যাবাদী। মিথ্যাবাদীরা কখনো দেশ চালাতে পারে না। যারা জনগণের সামনে বারবার মিথ্যা বলে, তারা দেশদরদি হতে পারে না।
সোমবার (২ ফেব্রুয়ারি) খুলনার খালিশপুর প্রভাতী স্কুল মাঠে আয়োজিত বিএনপির নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খুলনা মহানগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনার সভাপতিত্বে এ জনসভায় অনুষ্ঠিত হয়।
একটি রাজনৈতিক দলের নেতাদের বিরুদ্ধে নারী সমাজকে অবমাননার অভিযোগ করে তারেক রহমান বলেন, সম্প্রতি কর্মজীবী নারীদের নিয়ে আপত্তিকর মন্তব্য করা হয়েছে। পরে সমালোচনার মুখে সামাজিক যোগাযোগমাধ্যমের আইডি হ্যাক হওয়ার কথা বলা হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা।
তিনি বলেন, বিশেষজ্ঞরা পরিষ্কারভাবে বলেছেন, এভাবে আইডি হ্যাক হয় না।নির্বাচনের আগে জনগণের সামনে মিথ্যা কথা বলা হচ্ছে। এদের একটাই পরিচয়—এরা মিথ্যাবাদী।নিজেদের স্বার্থে ধর্মকেও ব্যবহার করা হচ্ছে।
তারেক রহমান বলেন, দীর্ঘ ১৫–১৬ বছর ধরে বাংলাদেশের মানুষ তাদের সাংবিধানিক ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি।শুধু জাতীয় নির্বাচন নয়, স্থানীয় নির্বাচনেও জনগণের মত প্রকাশের সুযোগ বন্ধ করে দেওয়া হয়েছিল।
তিনি বলেন, এই সময়ে যারা কথা বলার চেষ্টা করেছে, আমরা দেখেছি কীভাবে তাদের রাতের অন্ধকারে তুলে নেওয়া হয়েছে, গুম-খুন ও মিথ্যা মামলার শিকার করা হয়েছে। হাজার হাজার নেতাকর্মী নির্যাতনের শিকার হয়েছেন। তারপরও ২০২৪ সালের জুলাই-আগস্টে দল-মত নির্বিশেষে দেশের মানুষ রাজপথে নেমে স্বৈরাচারকে বিদায় করেছে।
আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন প্রসঙ্গে বিএনপি চেয়ারম্যান বলেন, এ নির্বাচনের মাধ্যমে জনগণ দীর্ঘ এক যুগের বেশি সময় ধরে বঞ্চিত অধিকার পুনরুদ্ধার করবে।
তারেক রহমান বলেন, বিএনপি সরকার গঠন করতে পারলে প্রথম কাজ হবে দেশ পুনর্গঠন। তবে দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী সমাজকে পিছনে রেখে কোনোভাবেই দেশকে সামনে এগিয়ে নেওয়া সম্ভব নয়।
তিনি বলেন, দেশের প্রায় ২০ কোটি মানুষের মধ্যে অন্তত ১০ কোটি নারী। এই নারী সমাজকে শিক্ষিত ও স্বাবলম্বী না করে যত পরিকল্পনাই নেওয়া হোক, দেশ পুনর্গঠন সম্ভব নয়।
তিনি স্মরণ করিয়ে দেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ক্ষমতায় থাকাকালে মেয়েদের স্কুল থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করেছিলেন।
বিএনপি সরকার গঠন করলে প্রতিটি গৃহিণীর কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার ঘোষণা দিয়ে তারেক রহমান বলেন, এর মাধ্যমে নারীদের ধীরে ধীরে স্বাবলম্বী করে গড়ে তোলা হবে, যাতে তারা কারো ওপর নির্ভরশীল না থাকে।
একই সঙ্গে কৃষকদের জন্য কৃষি কার্ড চালু করার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, এই কার্ডের মাধ্যমে সহজ শর্তে ঋণ, সার, বীজ ও কৃষি উপকরণ দেওয়া হবে। পাশাপাশি ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ করা হবে।
খুলনাকে পুনরায় শিল্পনগরী হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করে বিএনপি চেয়ারম্যান বলেন, গ্যাস সংকটসহ বিভিন্ন সমস্যার কারণে শিল্পাঞ্চলটি প্রায় মৃত অবস্থায় রয়েছে। বিএনপি সরকার গঠন করলে শিল্প পুনরুজ্জীবিত করা হবে এবং নারী-পুরুষ উভয়ের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।
তিনি আরও বলেন, খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা অঞ্চলের যুব সমাজের জন্য আইটি পার্কসহ আধুনিক কর্মসংস্থানমুখী অবকাঠামো গড়ে তোলা হবে।
তারেক রহমান বলেন, প্রথম কাজ হবে দেশ পুনর্গঠন। বিএনপি কাজ করে দেশের জনগণের জন্য, কোনো গোষ্ঠীর জন্য নয়।
