সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী গ্রেফতার, নেয়া হয়েছে ডিবি কার্যালয়ে

জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারের পর রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে ডিবি।

মঙ্গলবার (৭ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ৪টার দিকে রাজধানীর ধানমন্ডির ৮/এ রোডের নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

তবে তাকে কোন মামলায় বা কী কারণে গ্রেফতার করা হয়েছে, সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। ডিবির পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেফতারের বিষয়টি নিশ্চিত এবং এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম সাংবাদিকদের জানান, শিরীন শারমিন চৌধুরীকে গ্রেফতার করে ডিবি কার্যালয়ে আনা হয়েছে। তিনি এখন ডিবির হেফাজতে আছেন।

২০১৩ সালের ৩০ এপ্রিল শিরীন শারমিন চৌধুরী স্পিকার নির্বাচিত হন এবং এরপর থেকে টানা তিনি এই দায়িত্ব পালন করে আসছিলেন। সর্বশেষ, গত ৭ জানুয়ারির নির্বাচনের পর তিনি পুনরায় স্পিকার নির্বাচিত হন।

জুলাই গণ–অভ্যুত্থানে সহিংসতার ঘটনায় শিরীন শারমিন চৌধুরীর বিরুদ্ধে মামলা রয়েছে। রংপুরে গুলিবিদ্ধ হয়ে স্বর্ণশ্রমিক মুসলিম উদ্দিন (৩৮) নিহত হওয়ার ঘটনায় ২০২৪ সালের ২৭ আগস্ট শিরীন শারমিন চৌধুরী, সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশিসহ ১৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়।

মেট্রোপলিটন কোতোয়ালি আমলি আদালতে মামলাটি করেছেন রংপুর শহরের পূর্ব গণেশপুর এলাকার নিহত মুসলিম উদ্দিনের স্ত্রী দিলরুবা আক্তার (৩২)। হত্যা মামলায় গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন টিপু মুনশি।

তিনি রংপুর-৬ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। পরবর্তীতে, শেখ হাসিনা সরকারের পতনের ২৭ দিনের মাথায় তিনি পদত্যাগ করেন।

Facebook Comments Box
Share:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *