তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে এসে সংঘর্ষে জড়িয়েছে দুই পক্ষের লোকজন। রবিবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার শালন ও তারাপাশা এলাকার বাসিন্দাদের মধ্যে এই ঘটনা ঘটে। এ সময় হাসপাতালের ভেতরে চেয়ার ছুড়াছুড়ি ও হাতাহাতির ঘটনায় সাধারণ রোগী ও তাদের স্বজনদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, বিকেলে একটি সড়ক দুর্ঘটনায় আহত হয়ে উপজেলার শালন ও তারাপাশা এলাকার কিছু লোক রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসেন। হাসপাতালে চিকিৎসা নেওয়ার সময় দুই পক্ষের লোকজনের মুখোমুখি দেখা হলে পূর্ব বিরোধের জেরে তারা বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এক পর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষ চলাকালীন উভয় পক্ষকে একে অপরের দিকে হাসপাতালের চেয়ার ছুড়ে মারতে দেখা যায়। এছাড়া একে অপরকে কিল-ঘুষি মারতে থাকে। এ সময় হাসপাতালে উপস্থিত অন্যান্য লোকজন ও স্টাফরা এগিয়ে এসে মারামারি থামানোর চেষ্টা করেন।
হাসপাতালের ভেতরে আকস্মিক এই মারামারির ঘটনায় চিকিৎসাধীন সাধারণ রোগী ও তাদের সাথে থাকা স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।তবে কিছুক্ষণ পর উপস্থিতিদের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং পরিবেশ শান্ত হয়।
বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানা গেছে।
