বাগেরহাট প্রতিনিধি: যথাযোগ্য মর্যাদায় ৫৬তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাগেরহাটে বর্ণাঢ্য পতাকা র্যালি ও পথসভা করেছে জেলা স্বেচ্ছাসেবক দল। বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ডালিম ফকিরের নেতৃত্বে এই কর্মসূচি পালিত হয়।
এদিন দুপুরে বাগেরহাট কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা থেকে একটি বিশাল র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাগেরহাট প্রেসক্লাবের সামনে এসে এক সংক্ষিপ্ত পথসভায় মিলিত হয়। র্যালিতে জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নিয়ে স্বাধীনতার তাৎপর্য সম্বলিত ব্যানার-ফেস্টুন বহন করেন এবং বিভিন্ন স্লোগান দেন।
পথসভায় প্রধান বক্তার বক্তব্যে জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ডালিম ফকির বলেন, “মহান স্বাধীনতা দিবস বাঙালি জাতির জন্য এক গৌরবময় অধ্যায়। লাখো শহীদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতার চেতনাকে ধারণ করেই আমাদের এগিয়ে যেতে হবে।” তিনি আরও বলেন, বর্তমানে গণতন্ত্র ও মানুষের মৌলিক অধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকা জরুরি।
সভায় অন্যান্য বক্তারা স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদানের কথা স্মরণ করে বলেন, বিগত শাসনামলগুলোতে দেশের মানুষ তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে এবং গণতান্ত্রিক পরিবেশ বাধাগ্রস্ত হয়েছে। বক্তারা অনতিবিলম্বে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার নিশ্চিত করার দাবি জানান।
পথসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক মাইনুল হক রনি, সহ-দপ্তর সম্পাদক ইয়াহিয়া শেখ সুমন, জেলা সদস্য এসএম লিপু, নাইমুল ইসলাম, এসএম সাইফুল ইসলাম, ওবায়দুল হোসেন তিমির। এছাড়াও উপজেলা পর্যায়ের নেতাদের মধ্যে বক্তব্য রাখেন চিতলমারি উপজেলা আহ্বায়ক নিয়ামত আলী খান, মোংলা উপজেলা সদস্য সচিব ফকির মোঃ জুয়েল রানা, ফকিরহাট উপজেলা সদস্য সচিব ইকবাল হোসেন এবং সদর উপজেলা যুগ্ম আহ্বায়ক গাজী সাইফুল্লাহ প্রমুখ।
অনুষ্ঠানের শেষে মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত এবং দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়। বিভিন্ন উপজেলা থেকে আসা বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে পুরো আয়োজনটি এক প্রাণবন্ত সমাবেশে পরিণত হয়।
