আজিজুর রহমান দুলাল : ‘কৃষিই সমৃদ্ধি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের আলফাডাঙ্গায় পেঁয়াজ সংরক্ষণে আধুনিক প্রযুক্তি ব্যবহারে কৃষকদের সহায়তা দিয়েছে কৃষি বিভাগ। ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার নির্বাচিত কৃষকদের মাঝে বিনামূল্যে এয়ার ফ্লো মেশিন বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল ২০২৬) দুপুরে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে ২৫ জন কৃষকের মাঝে এসব মেশিন বিতরণ করা হয়। কর্মসূচিটি বাস্তবায়ন করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, আলফাডাঙ্গা।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ তুষার সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত নূর মৌসুমি। এসময় উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরাও উপস্থিত ছিলেন।
কৃষি বিভাগ সূত্রে জানা যায়, একটি এয়ার ফ্লো মেশিনের মাধ্যমে প্রায় ৩০০ মণ পেঁয়াজ ৬ থেকে ৯ মাস পর্যন্ত সংরক্ষণ করা সম্ভব। এই প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে পেঁয়াজের পচন রোধ, সঠিক তাপমাত্রা ও বাতাস চলাচল নিশ্চিত করা যায়, যা পেঁয়াজের গুণগত মান অক্ষুণ্ণ রাখতে সহায়ক।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রথাগত পদ্ধতিতে পেঁয়াজ সংরক্ষণে পচনের ঝুঁকি বেশি থাকে, ফলে কৃষকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন। আধুনিক এয়ার ফ্লো প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে পেঁয়াজ দীর্ঘদিন ভালো রাখা সম্ভব হবে, এতে অপচয় কমবে এবং কৃষকরা সঠিক সময়ে ন্যায্যমূল্যে পণ্য বিক্রি করতে পারবেন।
উপজেলা কৃষি অফিসার তুষার সাহা বলেন, আলফাডাঙ্গায় ব্যাপক হারে পেঁয়াজ উৎপাদন হলেও সংরক্ষণের অভাবে কৃষকরা প্রায়ই লোকসানের মুখে পড়েন। এয়ার ফ্লো মেশিন ব্যবহারের ফলে তারা পেঁয়াজ সংরক্ষণ করে অফ-সিজনে ভালো দামে বিক্রি করতে পারবেন। তিনি জানান, কৃষকদের সুবিধার্থে এ ধরনের সরকারি সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সংশ্লিষ্টরা মনে করছেন, আধুনিক এই প্রযুক্তির ব্যবহার আলফাডাঙ্গার কৃষি ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আনবে এবং স্থানীয় অর্থনীতিকে আরও শক্তিশালী করবে।
