কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছেন তারেক রহমান

প্রার্থী হিসেবে প্রথমবার নিজেকে ভোট দেওয়ার পর বাসায় ফিরে গিয়ে আবার নির্বাচনের কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। 

বৃহস্পতিবার (১২ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে তিনি গুলশানের বাসা থেকে বের হয়ে কয়েকটি কেন্দ্রের আশপাশ দিয়ে যান। এসময় ভোটারদের সঙ্গে তিনি কুশল বিনিময়ও করেন।  বিএনপির মিডিয়া সেল থেকে জানানো হয়েছে, নির্বাচনের দিন মানুষের ভোটের উচ্ছ্বাস দেখতে মূলত তিনি কেন্দ্রে যাচ্ছেন। মহাখালী কড়াইল বস্তির দিকেও যাবেন বলে জানা গেছে।

এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৯টা ৩৫ মিনিটের দিকে রাজধানীর গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিতে আসেন তিনি। এসময় তার সঙ্গে স্ত্রী ডা. জোবায়দা রহমান, মেয়ে জাইমা রহমানসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা ছিলেন।

রাজধানীর শাহীনবাগে সিভিল এভিয়েশন স্কুল এন্ড কলেজে ভোটকেন্দ্রের সামনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান যাওয়ার পর সাধারণ মানুষ তাকে স্বাগত জানান। তিনি সবার কাছে দোয়া চান।

গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রটি ঢাকা-১৭ নির্বাচনি আসনের অন্তর্ভুক্ত। এই আসনের প্রার্থী তারেক রহমান, এছাড়া তিনি বগুড়া-৬ আসন থেকেও প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ঢাকা-১৭ আসনটি ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৫, ১৮, ১৯ ও ২০ ওয়ার্ড এবং ঢাকা ক্যান্টনমেন্ট থানার ক্যান্টনমেন্ট এলাকা নিয়ে গঠিত। গুলশান, বনানী, নিকেতন, মহাখালী, বারিধারা, শাহজাদপুর এবং ঢাকা সেনানিবাসের একাংশ নিয়ে এই আসনটি। এবারের নির্বাচনে ভিআইপি আসনের মধ্যে অন্যতম একটি। এই আসনে তারেক রহমানের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ডা. এস এম খালিদুজ্জামান।

Facebook Comments Box
Share:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *