আজিজুর রহমান দুলাল: যথাযোগ্য মর্যাদা, উৎসাহ-উদ্দীপনা ও দেশাত্মবোধের চেতনায় ফরিদপুরের আলফাডাঙ্গায় মহান স্বাধীনতা দিবস-২০২৬ উদ্যাপন করা হয়েছে।
বৃহস্পতিবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে আলফাডাঙ্গা থানা চত্বরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা হয়। একই সময়ে সরকারি ও বেসরকারি সকল প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
সকাল ৬টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে অবস্থিত শহিদ মিনারে উপজেলা প্রশাসন, বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক ও সামাজিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ পুষ্পস্তবক অর্পণ করে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।
পরে সকাল সাড়ে ৮টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য স্বাধীনতা র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মাঠে গিয়ে শেষ হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, সরকারি কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ মানুষ অংশ নেন।
সকাল ৯টায় উপজেলা পরিষদ সংলগ্ন মাঠে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, কুচকাওয়াজ ও সমাবেশ অনুষ্ঠিত হয়। কুচকাওয়াজে অংশগ্রহণকারী দলগুলো শৃঙ্খলা ও নৈপুণ্যের প্রদর্শন করে উপস্থিতদের প্রশংসা কুড়ায়।
এছাড়া সকাল ১১টায় মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান করা হয়। এ সময় ফরিদপুর-১ (আলফাডাঙ্গা, বোয়ালমারী ও মধুখালী) আসনের সংসদ সদস্য ইলিয়াস মোল্লা উপস্থিত হয়ে বক্তব্য রাখেন। বাদ যোহর উপজেলার বিভিন্ন মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত নূর মৌসুমি বলেন, “মহান স্বাধীনতা দিবস আমাদের জাতীয় জীবনের এক গৌরবোজ্জ্বল অধ্যায়। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে শহীদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ হয়ে নতুন প্রজন্মকে দেশপ্রেমে এগিয়ে আসতে হবে।”
তিনি আরও বলেন, “দেশের উন্নয়ন ও অগ্রগতিতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”
দিনব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে আলফাডাঙ্গাবাসী গভীর শ্রদ্ধার সঙ্গে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের স্মরণ করেন।
