আজিজুর রহমান দুলাল, আলফাডাঙ্গা (ফরিদপুর): ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার চরনওয়াপাড়া এলাকায় ঈদের রাতের আনন্দ মুহূর্তেই বিষাদে পরিণত হয়েছে। ভয়াবহ এক অগ্নিকাণ্ডে একটি গরু পুড়ে ছাই হয়ে গেছে এবং অন্য একটি গুরুতর দগ্ধ হয়েছে। এই ঘটনায় একটি হতদরিদ্র পরিবার তাদের বেঁচে থাকার শেষ সম্বলটুকু হারিয়ে এখন দিশেহারা।
স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের দিন রাত আনুমানিক ৯টার দিকে চরনওয়াপাড়া এলাকার বাসিন্দা মনজুর মিয়ার বাড়ির গোয়ালঘরে মশা তাড়ানোর কয়েল থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা পুরো গোয়ালঘরে ছড়িয়ে পড়ে। শিকলে বাঁধা থাকায় একটি গরু ঘটনাস্থলেই পুড়ে মারা যায়। অন্য গরুটি মারাত্মকভাবে দগ্ধ হয়ে এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।
প্রতিবেশীরা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে গোয়ালঘরসহ সবকিছু ভস্মীভূত হয়ে যায়। ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি, এই গরু দুটিই ছিল তাদের সংসারের একমাত্র উপজীব্য। গাভীর দুধ বিক্রি করেই চলত তাদের সাত সদস্যের অভাবী সংসার।
কান্নাজড়িত কণ্ঠে গৃহকর্তার স্ত্রী মোসাম্মৎ খুশি বেগম বলেন, “আমাদের নিজস্ব কোনো জমিজমা নেই। এই দুইটা গরুই ছিল আমাদের শেষ সম্বল। তিনটি ছেলে আর এক মেয়েকে নিয়ে এখন আমরা কোথায় দাঁড়াবো? সরকার বা প্রশাসন যদি একটু দয়া করে সাহায্য করে, তবেই আমরা আবার মাথা তুলে দাঁড়াতে পারব।”
এই মর্মান্তিক ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় সচেতন মহল ও জনপ্রতিনিধিরা ক্ষতিগ্রস্ত এই নিঃস্ব পরিবারটির পাশে দাঁড়ানোর জন্য উপজেলা প্রশাসন এবং সমাজের বিত্তবানদের প্রতি জরুরি সহায়তার উদাত্ত আহ্বান জানিয়েছেন।
